ডাম্পিং থেকে মোটরসাইকেল নিতে এসে ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেপ্তার

ডাম্পিং থেকে মোটরসাইকেল নিতে এসে ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেপ্তার

কুমিল্লায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে রাসেল হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার মোবাইল ফোনে সিআইডির লোগোসংবলিত ভুয়া পরিচয়পত্রের ছবি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি সিআইডি লেখা পোশাক পরা একটি ছবি পাওয়া গেছে।

আজ সোমবার (২৬ অক্টোবর) বিকেলে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত ২৪ অক্টোবর কুমিল্লা নগরের শাসনগাছা এলাকায় দায়িত্ব পালনকালে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এ সময় চালক নিজেকে সিআইডি কর্মকর্তা হিসেবে পরিচয় দেন এবং নিজের নাম রাসেল বলে জানান। তবে মোটরসাইকেলটির বৈধ কাগজপত্র ও পরিচয়ের পক্ষে প্রয়োজনীয় প্রমাণ না থাকায় নিয়ম অনুযায়ী সেটি ডাম্পিংয়ে পাঠান দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট।

পরদিন ২৫ অক্টোবর মোটরসাইকেলটি ছাড়িয়ে নিতে ট্রাফিক পুলিশ কার্যালয়ে যান রাসেল হোসেন। সেখানে তিনি আবারও নিজেকে সিআইডি কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। তার পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিলে ট্রাফিক পুলিশ বিষয়টি কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশকে জানায়।

পরে ডিবি পুলিশের একটি বিশেষ দল ট্রাফিক পুলিশ কার্যালয়ে গিয়ে রাসেলের পরিচয় ও কর্মস্থল যাচাই করে। যাচাইয়ে তিনি সিআইডির কোনো কর্মকর্তা নন বলে নিশ্চিত হয় পুলিশ। এরপর তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে সিআইডির লোগোযুক্ত ভুয়া পরিচয়পত্রের ছবি এবং এআই প্রযুক্তিতে তৈরি সিআইডি লেখা পোশাক পরা একটি ছবি পাওয়া যায়।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল দীর্ঘদিন ধরে ভুয়া নাম-ঠিকানা ও পদবি ব্যবহার করে সিআইডি কর্মকর্তা পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাসেলের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188701