বগুড়ার দুপচাঁচিয়ার লোটোর ম্যানেজার পিন্টু হত্যার আসামির জামিন নামঞ্জুর
কোর্ট রিপোর্টার : বগুড়ার দুপচাঁচিয়া লোটো শোরুমের ম্যানেজার পিন্টু আকন্দকে (৩৮) অপহরণসহ হত্যা মামলার হাজতি আসামি শাকিব খন্দকারের (২৩) জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। শাকিব খন্দকার দুপচাঁচিয়া উপজেলার করমজির শফিকুল খন্দকারের ছেলে। আজ সোমবার (২৬ অক্টোবর) বগুড়ার দায়রা জজ মো. মনিরুজ্জামান হাজতি ওই আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, নওগাঁর রানীনগর উপজেলার লোহাচুড়ার মৃত আয়েজ উদ্দীন আকন্দের ছেলে পিন্টু আকন্দ দুপচাঁচিয়ার পৌর এলাকার সিও অফিস মোড়ে খন্দকার মার্কেটের শোরুমে ম্যানেজার পদে চাকরি করতেন। গত ২২ ডিসেম্বর রাত ৯টার দিকে শোরুম বন্ধ করার সময় ৬/৭ জন দুর্বৃত্ত শোরুমে প্রবেশ করে ম্যানেজার পিন্টু আকন্দকে অপহরণ করে মাইক্রোবাসযোগে নিয়ে যায়।
এরপর পিন্টু আকন্দকে হত্যা করে আদমদিঘী উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমরভোগ গ্রামের জনৈক তোফাজ্জল হোসেনের পুকুরের উত্তর পাশে রাস্তায় মাইক্রোবাসের মধ্যে লাশ রেখে পালিয়ে যায়। পরে পিন্টুর আকন্দের স্ত্রী সাবিনাজ খাতুন ও আত্মীয়-স্বজন এসে লাশ সনাক্ত করে।
এ ব্যাপারে নিহত পিন্টুর স্ত্রী সাবিনাজ খাতুন বাদি হয়ে দুপচাঁচিয়া থানায় এই মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড. ইউসুফ আলী রিপন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188686