গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় আরও ১৮ জন গ্রেপ্তার

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় আরও ১৮ জন গ্রেপ্তার

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় আরও ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গতকাল ৭ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

এ নিয়ে এ ঘটনায় এ পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হলো।
 
গতকাল রোববার গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এ ঘটনায় ১০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। তাদের মধ্যে ৪০ জনের নাম উল্লেখ এবং ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত শনিবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করে। এসময় সদর উপজেলার রঘুনাথপুর বুড়িমার গাছতলা এলাকায় টহলরত পুলিশের একটি দল ওই মিছিলের মুখোমুখি হলে মিছিলকারীরা লাঠি-সোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।
এ সময় হামলাকারীরা পুলিশের একটি পিকআপভ্যান ভাঙচুর করে। এতে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওই কর্মকর্তা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188669