অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দু’জন নিহতের ঘটনায় মামলা
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহতের ঘটনায় হত্যা মামলা করেছে গ্রাম পুলিশ । রোববার বিকেলে গ্রাম পুলিশ বাদি হয়ে করা এ মামলায় ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর।
গত রোববার ভোর ৫টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তর পানাপুকুর গিরিয়ারপাড় এলাকার বড় সেচ ক্যানেলের কাছে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন-নোহালী ইউনিয়নের বাগডহরা এলাকার রেজাউল ওরফে কানা রেজাউল (৫০) ও কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়া এলাকার সিদ্দিকুর রহমান সোহেলের বাড়ি থেকে অটোরিকশা চুরি করে পালানোর সময় ওই দুজনকে ধাওয়া করা হয়। সোহেল ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মতিন মিয়ার ছেলে। স্থানীয় লোকজনের দাবি, ধাওয়া খেয়ে তারা অটোরিকশাটি রেখে ধানখেতের মধ্য দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করে মারধর করা হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
অটোরিকশার মালিক সোহেল জানান, ভোরে অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় তিনি বাধা দেওয়ার চেষ্টা করেন। এসময় তাকেও টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তার চিৎকারে মসজিদের মুসল্লিরা বেরিয়ে আসেন। পরে মসজিদের মাইকে অটোরিকশা চুরির ঘোষণা দেওয়া হলে স্থানীয় লোকজন ধাওয়া করেন। পরে তিনি দুজনের মৃত্যুর খবর পান।
নোহালী ইউপি চেয়ারম্যান আশরাফ আলী জানান, রেজাউল অনেক আগে থেকেই চুরির সঙ্গে জড়িত বলে তিনি জানেন।
অন্যদিকে, কোলকোন্দ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান জানান, সাদিকুল আগে মাদক সেবন করতেন বলে তিনি জানেন। সাদিকুলের বাবা ছেলেকে ভালো পথে ফেরাতে অনেক চেষ্টা করেছেন। সাদিকুলের ছয় ও চার বছর বয়সী দুটি ছেলে রয়েছে।
এবিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর বলেন, মরদেহ দুটির সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে হত্যা মামলা করেছে। মামলায় ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। রেজাউলের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির অভিযোগে নয়টি মামলা রয়েছে বলেও জানান তিনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188650