২য় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ঢাবি দলের ৩ স্বর্ণপদক জয়

২য় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ঢাবি দলের ৩ স্বর্ণপদক জয়

ঢাবি প্রতিনিধি : ২য় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় তিনটি স্বর্ণপদক অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কারাতে দল। দলের হয়ে একটি করে কুমিতে ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী তাইম হাওলাদার এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সৈয়দা সারাফ আনজুম। এ ছাড়া কাতা ইভেন্টেও স্বর্ণপদক জিতে মোট দুটি স্বর্ণপদক অর্জন করেন সারাফ আনজুম।

গত ২৩ ও ২৪ অক্টোবর ২০২৬ তারিখে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কারাতে ফেডারেশন আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের ৭৯টি প্রতিষ্ঠান ও সংস্থার মোট ১ হাজার ৩০২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। তিনি বিজয়ীদের হাতে পদক ও সনদপত্র তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাবেক সভাপতি মোহাম্মদ শাহজাদা আলম এবং সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল ফেডারেশনের সহসভাপতি শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান।

ঢাকা বিশ্ববিদ্যালয় কারাতে দলের এ সাফল্যে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন অর্জন যুক্ত হলো।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188647