রেজিস্ট্রির পর ছেলের অমত, বগুড়ার গাবতলীতে বিয়ের দাবিতে শিক্ষককের বাড়িতে কনের অনশন
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে এক কলেজছাত্রী বিয়ের দাবিতে দুইদিন ধরে মাদ্রাসা শিক্ষককের বাড়িতে অনশন করছেন।
ঘটনাটি উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের প্রথমারছেও গ্রামে। একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার সোনারায় ইউনিয়নের গজারিয়া গ্রামের দুধ ব্যবসায়ী তারাজুল ইসলামের কলেজ পড়ুয়া মেয়ে তারমিম আকতারের সাথে (১৮) একই উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের প্রথমারছেও গ্রামের হোসেন আলীর ছেলে হোসেনপুর মাদ্রাসার সহকারী শিক্ষক ইনসান আলীর সাথে প্রায় পাঁচ মাস আগে পারিবারিক প্রস্তাবে উভয়পক্ষের অভিভাবকের উপস্থিতিতে কনের বাড়িতে ৪ লাখ টাকা দেনমহরানায় বিয়ের রেজিস্ট্রি হয়।
রেজিস্ট্রি করার পরপরই কনেপক্ষের টাকায় বরপক্ষ বিয়ের যাবতীয় কেনাকাটাও সম্পন্ন করে। এরপর হঠাৎ বদলে যায় ছেলে পক্ষের সিদ্ধান্ত।
এখন সহকারী শিক্ষক ইনসান আলী ও তার অভিভাবকরা বলছেন, কিছুতেই তারমিম আকতারকে ইনসান আলী আর বিয়ে করবে না। এর এক পর্যায়ে তারমিম আকতার বিয়ের দাবিতে গতকাল ২৪ অক্টোবর থেকে দুইদিন ধরে বর ইনসান আলীর বাড়িতে অনশন করছেন।
এ ঘটনায় মেয়ের বাবা বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করলে পুলিশ ২৪ অক্টোবর রাতে উভয়পক্ষকে মডেল থানায় ডেকে শালিসি বৈঠক করেন। তাতে কোন সুরাহা মিলেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত কনে তারমিম আকতার বরের বাড়িতে অনশন করছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188621