অর্থবছরের সময়কাল পরিবর্তন গণনা শুরু হবে ১ এপ্রিল থেকে
স্টাফ রিপোর্টার : সরকারের অর্থবছরের বর্তমান সময়কাল পরিবর্তন করার সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে প্রচলিত জুলাই-জুন সময়কালের পরিবর্তে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত সময়কে অর্থবছর হিসেবে গণনা করা হবে। গত ১৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোসাদ্দেক মেহ্দী ইমাম স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানা গেছে।
চিঠিতে জানানো হয়, গত ১৭ আগস্ট মন্ত্রিসভার এক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০২৭-২৮ অর্থবছরকে একটি ‘অন্তর্বর্তীকালীন’ অর্থবছর হিসেবে বিবেচনা করা হবে। এই অন্তর্বর্তীকালীন অর্থবছরের মেয়াদ হবে ৯ মাস (জুলাই-মার্চ)।
এর পরবর্তী বছর অর্থাৎ, ২০২৮-২৯ অর্থবছর থেকে প্রতি বছর ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত সময়কালকে নতুন অর্থবছর হিসেবে নির্ধারণ করে সরকারের সব কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থবছরের এই সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট আইন, বিধি-বিধান, পরিপত্র, এসআরও, চুক্তি বা সমঝোতা স্মারক, পরিসংখ্যানগত ও তথ্যপ্রযুক্তিগত কাঠামো পর্যালোচনা করা হচ্ছে।
এ বিষয়ে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন থাকলে তা আজ রোববার ২৫ অক্টোবরের মধ্যে জানানোর জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অনুরোধ জানানো হয়েছে বলেও ওই চিঠিতে উল্লেখ রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188615