ডিসেম্বরে আইপিএলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন ধোনি
কোচিং স্টাফদের নিয়োগের মধ্যেই আইপিএলে পরবর্তী আসরের নিজের অংশ নেওয়ার বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানাননি ভারতের সাবেক অধিনায়ক এমএস ধোনি। চেন্নাই সুপার কিংসের হয়ে আর খেলবেন কি না, সে বিষয়ে ডিসেম্বরের আগেই সিদ্ধান্ত নেবেন তিনি।
বেঙ্গালুরুতে আয়োজিত একটি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে ৪৫ বছর বয়সী ধোনি এই কথা জানান। পায়ের পেশির চোট এবং শারীরিক ফিটনেস সংক্রান্ত সমস্যার কারণে আইপিএলের শেষ মৌসুমে বাইরে ছিলেন তিনি। ধোনি জানান, চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার ফলাফলের ওপরই তার সিদ্ধান্ত নির্ভর করবে।
অনুষ্ঠানে ধোনি বলেন, আমাকে কিছু পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। চিকিৎসকরা আমাকে রিপোর্ট দেবেন, তারপর ডিসেম্বরের আগে আমাকে দেখতে হবে, আরও একটি মৌসুম খেলার মতো শারীরিক সক্ষমতা আমার আছে কি না। তিনি আরও বলেন, আর যদি তা না থাকে, তবে আপনাদের নিশ্চিত করতে হবে যে আমার শরীরের যত্ন নেওয়ার ক্ষেত্রে যেন কোনো ত্রুটি না থাকে। এই পুরোনো গাড়িটিকে (নিজের শরীরকে) যেন আবারও রাস্তায় সচল রাখা যায়, তা নিশ্চিত করতে হবে। তাই সব চাপ চিকিৎসবদের ওপরই রয়েছে। সিএসকে-এর সিইও কাশি বিশ্বনাথনও স্বীকার করেছেন, এই সিদ্ধান্তটি পুরোপুরি ধোনির নিজের ওপরই নির্ভর করছে।
২০২০ সালে ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। ভারতের হয়ে ২০১৯ সালের নভেম্বরে বিশ্বকাপ সেমিফাইনালে তিনি শেষ মাঠে নামেন। এই অবসরের ফলে তিনি ২০২৫ আইপিএল মৌসুমের আগে ‘আনক্যাপড’ (যিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি এমন) খেলোয়াড় হিসেবে দলে থাকার যোগ্যতা অর্জন করেন এবং সিএসকে তাকে সেই সুযোগেই ধরে রাখে।
আইপিএল ২০২৫-এ তিনি মূলত ‘ফিনিশার’ হিসেবে দায়িত্ব পালন করেন। চেন্নাই সুপার কিংস আইপিএল ইতিহাসের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি, যারা পাঁচবার শিরোপা জিতেছে। ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ এবং ২০২৩ সালে প্রতিবারই ধোনির নেতৃত্বেই তারা চ্যাম্পিয়ন হয়েছিল। ২০২২ মৌসুমে মাঝপথে ধোনি কিছুদিনের জন্য অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন।
এরপর ২০২৩ সালে শিরোপা জয়ের পর তিনি আবারও অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান এবং রুতুরাজ গায়কোয়াড়ের হাতে নেতৃত্বের ভার তুলে দেন। সেই পরিবর্তনের পর থেকে সিএসকে আর গ্রুপ পর্ব পার হতে পারেনি। যদি ধোনি মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হন এবং আইপিএলেখেলার সিদ্ধান্ত নেন, তবে তা হবে পুরো এক মৌসুম বিরতির পর তার প্রত্যাবর্তন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188591