ফিলিপাইনে বিমানবাহিনীর দুই বিমানের সংঘর্ষে ৪ পাইলট নিহত

ফিলিপাইনে বিমানবাহিনীর দুই বিমানের সংঘর্ষে ৪ পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক : মাঝ আকাশে ফিলিপাইন বিমান বাহিনীর ২টি প্রশিক্ষণ উড়োজাহাজের  সংঘর্ষে ৪ জন পাইলট নিহত হয়েছে। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এক প্রতিবেদনে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমান দু’টি এসএফ-২৬০ সিরিজের যুদ্ধবিমান। গত ২৩ অক্টোবর (শুক্রবার) বিকেলের দিকে ফিলিপাইনের বাতানগাস প্রদেশের লিপা শহরের বিমান ঘাঁটির আকাশে সংঘর্ষ হয় বিমান দু’টির। এতে দুই বিমানের ৪ জন পাইলট ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তবে এ দুর্ঘটনায় বিমান ঘাঁটির কোনো ক্ষতি হয়নি এবং ওই চার জনের বাইরে কেউ নিহত বা আহতও হয়নি।

এসএফ-২৬০ সিরিজের বিমানগুলোতে দু’জন করে পাইলট থাকে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে করতে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত চলাকালীন ফিলিপাইন বিমান বাহিনী তাদের বহরে থাকা অবশিষ্ট এসএফ-২৬০ বিমানগুলোর উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করেছে।

ফিলিপাইনের বিমান বাহিনী ঘটনাটিকে একটি দুর্ঘটনা হিসেবে বর্ণনা করলেও, ঠিক কী পরিস্থিতিতে এটি ঘটেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

ঘটনা সম্পর্কে অবগত ফিলিপাইনের দুজন কর্মকর্তা জানিয়েছেন যে, বিমান দুটি আকাশে সংঘর্ষের কবলে পড়েছিল। নাম প্রকাশ না করার শর্তে তারা এ তথ্য দিয়েছেন, কারণ বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলার অনুমতি তাদের নেই।

একজন প্রত্যক্ষদর্শী এপি-কে জানিয়েছেন, বিমানগুলোর একটি ঘাঁটিতে সামরিক কর্মীদের ব্যবহৃত ব্যারাকের কাছাকাছি গিয়ে বিধ্বস্ত হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188572