দেশে অত্যন্ত শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপিত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে অত্যন্ত শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপিত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দীর্ঘ ১৫ থেকে ১৭ বছর পর বাংলাদেশে অত্যন্ত শান্তিপূর্ণভাবে, উৎসাহ-উদ্দীপনা ও সম্প্রীতির মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৬ সালে দেশে সর্বোচ্চ ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপ হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বছর পূজার সরকারি বরাদ্দ চার কোটি থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা করেছেন। 

পাশাপাশি মণ্ডপপ্রতি চালের বরাদ্দও ১০০ কেজি বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে। এছাড়া এবার সরকারি ছুটি তিন দিনসহ মোট পাঁচ দিন ছুটি ভোগ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।

দুর্গোৎসবের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, এবার কোনো ঘটনা ঘটে যাওয়ার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে ঘটনা যাতে না ঘটে, সে জন্য আগাম সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডিজিটাল প্রযুক্তি ও অ্যাপের মাধ্যমে তৃণমূল থেকে কেন্দ্রীয়ভাবে প্রতিমুহূর্তে পরিস্থিতি মনিটরিং করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার জন্য পুলিশ, বিজিবি, আনসার, গোয়েন্দা সংস্থা ও গণমাধ্যমকর্মীসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188569