জামায়াতের দুই দিনের কর্মসূচি
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে আওয়ামী লীগ জোটের লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ।
আজ রোববার (২৫ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠার নজিরবিহীন তাণ্ডব ও নৃশংসতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কজনক ও কালো অধ্যায়। সেদিনের নির্মম হত্যাকাণ্ড ও নৈরাজ্যের মধ্য দিয়ে দেশে দীর্ঘ দুই দশকের ফ্যাসিবাদ, গণতন্ত্র হত্যা এবং নাগরিক অধিকার হরণের বিষবৃক্ষ রোপিত হয়েছিল।
তিনি বলেন, ঐতিহাসিক ওই ঘটনার দুই দশক পূর্ণ হতে যাচ্ছে। অথচ এখনো হত্যাকারীদের বিচার হয়নি, যা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। এ ধরনের পৈশাচিক ও বর্বর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি। বিবৃতিতে জানানো হয়, ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে ২৭ অক্টোবর ঢাকা মহানগরীতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে জামায়াতের আমির প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এ ছাড়া ২৮ অক্টোবর সারা দেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হবে। ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের জন্য জামায়াতের সব শাখার প্রতি আহ্বান জানানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188544