রাজকীয় সম্মাননার পর মাঠে নেমেই হারের স্বাদ পেলেন মেসি
স্পোর্টস ডেস্ক : স্পেন থেকে যুক্তরাষ্ট্রে ফিরেই ইন্টার মায়ামির জার্সিতে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। তবে রাজকীয় সম্মাননা পাওয়ার আনন্দ মাঠের লড়াইয়ে ধরে রাখতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা। নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ২-০ গোলে হেরেছে ইন্টার মায়ামি। বিরতির পর বদলি হিসেবে মাঠে নেমেও দলকে পরাজয়ের হাত থেকে বাঁচাতে পারেননি আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
স্পেনের ওভিয়েদো থেকে যুক্তরাষ্ট্রে ফেরার সময় মেসির সঙ্গে ছিল বিশ্ব ফুটবলে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পাওয়া মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’। স্পেনের রাজপরিবারের এই সম্মাননা গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যেই মায়ামির হয়ে মাঠে নামেন তিনি। তবে ভ্রমণ ও ব্যস্ত সূচির বিষয়টি বিবেচনায় রেখে কোচ তাঁকে শুরু থেকে খেলাননি।
ম্যাচের শুরু থেকেই চাপে ছিল মায়ামি। প্রথমার্ধের ৭ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় নিউইয়র্ক রেড বুলস। এরপর সমতায় ফেরার চেষ্টা করলেও প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেনি মায়ামি।
দ্বিতীয়ার্ধে মেসিকে মাঠে নামিয়ে আক্রমণে গতি বাড়ানোর চেষ্টা করে মায়ামি। ম্যাচের ৫৬তম মিনিটে রিকুয়েলমে ফিলিপির বদলি হিসেবে মাঠে প্রবেশ করেন আর্জেন্টাইন অধিনায়ক। তাঁর উপস্থিতিতে গোল শোধের আশায় আক্রমণ চালালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি দলটি। উল্টো যোগ করা সময়ে এমিল ফোর্সবার্গের গোলে ব্যবধান দ্বিগুণ করে নিউইয়র্ক রেড বুলস। শেষ পর্যন্ত ২-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় মায়ামিকে।
এই হারে মায়ামির সাম্প্রতিক জয়ের ধারায় ছেদ পড়ল। চলতি মাসে টানা তিন ম্যাচ জিতে প্রতিপক্ষের জালে নয় গোল করেছিল দলটি। কিন্তু নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে সেই আক্রমণাত্মক ছন্দ ধরে রাখতে পারেনি তারা। পুরো ম্যাচে গোল করতে না পারার হতাশা নিয়েই ফিরতে হয়েছে মেসিদের।
অথচ নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে সাম্প্রতিক পরিসংখ্যানে এগিয়ে ছিল মায়ামি। আগের চারবারের মুখোমুখি লড়াইয়ে তিনটি জয় ও একটি ড্র পেয়েছিল দলটি। ওই চার ম্যাচে প্রতিপক্ষের জালে ১৭ গোলও করেছিল তারা। তবে এবার সেই আধিপত্য ধরে রাখতে ব্যর্থ হয়েছে মায়ামি।
দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে এগিয়ে রয়েছেন মেসি। চলতি মৌসুমে ২৫ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। পাশাপাশি সতীর্থদের দিয়ে ১৫টি গোল করিয়ে যৌথভাবে সর্বোচ্চ অ্যাসিস্টদাতার অবস্থানেও আছেন মায়ামি অধিনায়ক।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188524