কুড়িগ্রামের উলিপুরে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামি হৃদয় হাসান ওরফে রাকিবকে(১৯) ঢাকার দারুস সালাম এলাকা থেকে গ্রেফতার করেছে এসআরবি। গতকাল শুক্রবার সন্ধ্যায় এসআরবির সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত সহকারী পরিচালক (মিডিয়া) মুহম্মদ মনিরুজ্জামানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দারুস সালাম থানাধীন ডেলটা হাসপাতালের সামনে রাকিবকে গ্রেফতার করা হয়। রাকিব উলিপুর উপজেলার নন্দুনেফড়া গ্রামের রানু মিয়ার ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই কিশোরীর সাথে রাকিবের প্রেমের সম্পর্ক ছিল।
গত ৩০ জুন দেখা করার কথা বলে রাকিব তাকে দলদলিয়ার কাজির মসজিদ হাফিজিয়া মাদ্রাসায় যেতে বলে। সেখানে রাত দুইটায় মাদ্রাসার শিক্ষক ও মামলার অপর আসামি শহিদুল ইসলাম ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। চিৎকার শুনে রাকিব সেখানে উপস্থিত হয়। পরে ওই কিশোরীকে মাদ্রসার অন্য একটি কক্ষে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে সে।
এ ঘটনায় কিশোরীর দাদা বাদি হয়ে উলিপুর থানায় মামলা করেন। পরে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, রংপুরের সদর কোম্পানি এবং এসআরবি-৪, সিপিসি-২, মিরপুর ক্যাম্পের যৌথ দল অভিযান চালিয়ে রাকিবকে গ্রেফতার করে।
এ বিষয়ে উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ বলেন, আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে আসামিকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188465