আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় জড়িতদের খুঁজছে পুলিশ : ডিএমপি
জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। জড়িতদের শনাক্তের পর আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার) মো. আবুল বাশার তালুকদার রাজধানীর মগবাজারে বিশাল সেন্টার শপিংমলের সামনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যরা কাজ শুরু করেছে। গুলির ঘটনায় সম্পূর্ণরূপে সিসি ফুটেজের ওপর নির্ভর করতে হবে।
আবুল বাশার তালুকদার বলেন, গুলির ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে। আসিফ আকবর কাউকে সন্দেহ করছেন কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখনো কথা বলতে পারি নাই। আমরা তদন্ত করে দেখছি।
আসিফ আকবর গুলির ঘটনার বিষয়ে জানান, ভোরে মগবাজারের বিশাল সেন্টার শপিংমলের সামনে পার্ক করা তার ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনার সময় তিনি শপিংমলটির ওপরের তলায় নিজের অফিসে ছিলেন তিনি। গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন বলেও জানান এই সংগীতশিল্পী। তিনি জানান, বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে একটি দল পাঠিয়েছে।
এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে মগবাজারে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। সে সময় তিনি গাড়িতে ছিলেন না। ফলে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, কারা এ হামলা চালিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ ঘটনার বিস্তারিত খতিয়ে দেখছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188418