নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মিঠুন আলী(৩৫) নামে এক হেলপার  নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার থানামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিঠুন নাটোর সদর উপজেলার হুগলবাড়িয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

বনপাড়া ফায়ার স্টেশন অফিসার জাহেদুল ইসলাম জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসের সাথে ঢাকা থেকে আসা রাজশাহীগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে একটি বাসের সামনে থাকা হেলপার মিঠুন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইন-চার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কবলিত বাস দুইটিকে উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় পুলিশি হেফাজতে রাখা হয়েছে।  এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188385