নওগাঁর মান্দায় মাদক অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার
মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দা থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক, দেশিয় অস্ত্র ও টাকাসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের চকউলী গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- চকউলী গ্রামের মৃত আশরাফুল ইসলামের দুই ছেলে ইসলাম বাবু (২১) ও শাওন (১৯) এবং শুটকিবাদল গ্রামের মঞ্জুর আহমেদের ছেলে আরিফ হোসেন (২৩)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোর অপরাধ ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চকউলী গ্রামের তিন মাদক কারবারিদেকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ২শ’ লিটার চোলাই মদ তৈরির ওয়াশ উদ্ধার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি বার্মিজ চাকু এবং মাদক বিক্রির ৭৩ হাজার ৫০ টাকা জব্দ করা হয়। পরে তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১টি আধুনিক চাইনিজ কুড়াল উদ্ধার করে পুলিশ।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে মামলা দিয়ে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188353