আজ যমুনা ফিউচার পার্কে একসাথে আসছেন জেমস ও হাসান
বিনোদন ডেস্ক : দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং কমপ্লেক্স রাজধানীর যমুনা ফিউচার পার্কে আজ গান গাইবেন দেশের ব্যান্ড সংগীতের দুই তারকা– নগর বাউলের জেমস ও আর্কের হাসান। দীর্ঘদিন পর আবারও এক মঞ্চে হাজির হতে যাচ্ছেন তারা।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ৩টা থেকে যমুনা শপিং কমপ্লেক্সের কার্নিভাল অ্যারেনায় বসছে ‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক কনসার্ট।
আয়োজক প্রতিষ্ঠান ‘অ্যাডভেন্টর কমিউনিকেশনস’ জানিয়েছে, কনসার্টে নগরবাউল ও আর্ক ছাড়াও দেশের আরও জনপ্রিয় তিন ব্যান্ড– ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য পারফর্ম করবে। পাশাপাশি, গিটারিস্ট ওনি হাসান ওয়ারফেজের সঙ্গে বিশেষ পরিবেশনায় অংশ নেবেন এবং একক পরিবেশনাতেও মঞ্চ মাতাবেন। সঙ্গে একক পরিবেশনা নিয়ে থাকছেন এ কে রাহুলও।
কনসার্টে নিজ দল নগরবাউল নিয়ে পারফর্ম করবেন জেমস। এ প্রসঙ্গে তিনি বলেন, দেশে অনেকদিন পর টিকিট কনসার্ট করছি। আশা করি শ্রোতা-দর্শক নতুন কিছু শুনতে ও দেখতে পাবেন।
টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা।
আয়োজকদের পক্ষ থেকে টিকিটের ব্যবহারের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে। একটি টিকিট দিয়ে ভেন্যুতে একবারই প্রবেশ করা যাবে, রি-এন্ট্রি হবে না। এছাড়া, ছোট হাতব্যাগ বা পার্স ব্যতীত বড় কোনো ব্যাগ সঙ্গে নেওয়া যাবে না।
আয়োজকেরা জানিয়েছেন, কনসার্টের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক অনুমতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188323