মোহাম্মদপুরে সাত মামলার আসামি কেন্তা ফিরোজ গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুরে হত্যা মামলাসহ সাতটি মামলার আসামি এবং কিশোর গ্যাংয়ের নেতা ফিরোজ ওরফে ‘কেন্তা ফিরোজ’কে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুরের ফিউচার মডেল টাউনের ৫ নম্বর সড়কে আলমের গ্যারেজের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা। তিনি বলেন, ‘কেন্তা ফিরোজের’ বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা, চাঁদাবাজি, মারামারি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে।
তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর মধ্যে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর দায়ের করা একটি হত্যা মামলা রয়েছে। ওই মামলায় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া, ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর তার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা করা হয়। ২০২৫ সালের ২৯ অক্টোবর মারামারি, অনধিকার প্রবেশ, চুরি ও চাঁদাবাজির অভিযোগেও একটি মামলা রয়েছে।
এ ছাড়া, ২০২০ সালের মে মাসে মারামারি, চুরি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে এবং ২০১৮ সালের মার্চ মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়। ২০২০ সালের মার্চে দায়ের করা আরেকটি মামলায় মারামারি, হত্যাচেষ্টা, গুরুতর জখম ও চুরির অভিযোগ রয়েছে। ২০১৯ সালের মে মাসেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছিল।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188321