পূর্বাচলে ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু, একজনের অবস্থা আশঙ্কাজনক
পূর্বাচল উপ-শহরের ৩০০ ফিট সড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে উপজেলার পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের ভুঁইয়া বাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন।
নিহতরা হলেন- রূপগঞ্জ উপজেলার দিঘিরপাড় এলাকার আক্তার মিয়ার ছেলে রুদ্র মিয়া এবং বেল্লার টেক এলাকার কামালের ছেলে ইয়াছিন। এ ঘটনায় শ্রাবণ মিয়া নামে আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। তিনি বাঘবের সিটি মার্কেট এলাকার জিল্লুরের ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে পূর্বাচল এলাকায় ঘুরতে বের হয়েছিলেন। একপর্যায়ে তারা ভুঁইয়া বাড়ি ব্রিজের পশ্চিম পাশে সার্ভিস লেন দিয়ে উল্টোপথে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনায় তিন আরোহী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ইয়াছিন ও রুদ্র নিহত হন। এসময় শ্রাবণ মিয়া গুরুতর আহত হন।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান। ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এই ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188305