সীতাকুণ্ড উপকূলে ২৫ হাজার মিটার কারেন্ট ও ইলিশ জাল ধ্বংস
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উপকূলীয় এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট ও ইলিশ জাল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৫০ হাজার টাকা। পরে জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিনব্যাপী উপজেলার ভাটিয়ারী ও সলিমপুর মাছঘাট এবং উপকূলীয় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মুনতাসির বিল্লাহ। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপকূলীয় এলাকায় অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং সামুদ্রিক ও উপকূলীয় মৎস্যসম্পদ রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়।
সীতাকুণ্ড উপজেলার মৎস্য কর্মকর্তা মুনতাসির বিল্লাহ বলেন, অবৈধ কারেন্ট ও ইলিশ জালের ব্যবহার মৎস্যসম্পদের জন্য ক্ষতিকর। মাছের প্রজনন ও বংশবৃদ্ধি রক্ষা এবং মৎস্যসম্পদ সংরক্ষণে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188292