নওগাঁর বদলগাছীতে রাতের আঁধারে শহীদ মিনার ভাঙচুরের অভিযোগ

নওগাঁর বদলগাছীতে রাতের আঁধারে শহীদ মিনার ভাঙচুরের অভিযোগ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার রাতের আঁধারে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন শহীদ মিনারটি ভাঙা অবস্থায় দেখতে পান। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ভবনের দুই পাশের মাঝখানে শহীদ মিনারটি অবস্থিত। এর তিনটি স্তম্ভ বালু-সিমেন্ট দিয়ে নির্মাণ করা হয়েছিল। স্তম্ভগুলোতে কোনো রড ব্যবহার করা হয়নি বলে সরেজমিনে দেখা গেছে। স্থানীয়দের ধারণা, কেউ ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে শহীদ মিনারটি ভেঙে ফেলেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুকলা রাণী বলেন, ‘সকালে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি বিদ্যালয়ে আসি। কয়েক দিন আগে শহীদ মিনারের মাঝের স্তম্ভটি ভেঙে যায়। সেদিন বিদ্যালয়ে শিক্ষা অফিসার এসেছিলেন। তিনি বরাদ্দ পেলে শহীদ মিনারটি মেরামত করে নিতে বলেন। এ কারণে তখন আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। গত রাতে বাকি দুটি স্তম্ভও ভেঙে ফেলা হয়েছে। বিষয়টি থানায় জানিয়েছি। ওসি সাহেব নিজেও ঘটনাস্থলে এসেছিলেন।’

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ‘আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188277