বগুড়া চেম্বার অব কমার্সের উদ্যোগে ডিএনসিকে দুটি মোটরসাইকেল উপহার

বগুড়া চেম্বার অব কমার্সের উদ্যোগে ডিএনসিকে দুটি মোটরসাইকেল উপহার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় মাদকবিরোধী অভিযান ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়াকে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি‘র পক্ষ থেকে দুটি মোটরসাইকেল প্রদান করা হয়েছে।

আজ বুধবার (২১ অক্টোবর) দুপুরে বগুড়া চেম্বার ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোটরসাইকেলের চাবি হস্তান্তর করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো: রেজাউল করিম বাদশা। বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আতিকুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: তৌফিকুর রহমান।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, চেম্বারের সহসভাপতি ও বগুড়া শহর বিএনপির সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু, সহ সভাপতি মাহমুদুর রহমান শিপন, চেম্বারের পরিচালক শফিকুল ইসলাম খোকন, মেজবাউল হক রন্টু, সামছুল হক বেনু, শাহিনুর রহমান সবুজ, রাশেদুল ইসলাম, আজিজার রহমান মিল্টন, ডা. মতিয়ার রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার উপপরিচালক মোহা. জিল্লুর রহমানের হাতে মোটরসাইকেল দুটির চাবি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে ব্যবসায়ী সম্প্রদায়সহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তারা আশা প্রকাশ করেন, মোটরসাইকেল দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাঠপর্যায়ের তদারকি ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188221