চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সবগুলো সড়কে বেড়েছে দুর্ঘটনা
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আঞ্চলিক সড়ক-মহাসড়কে দিন দিন দুর্ঘটনা বেড়ে চলছে। প্রায় প্রতিদিনই কোন না কোন সড়কে দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। বিশেষ করে সোনামসজিদ স্থলবন্দর থেকে উত্তরবঙ্গগামী কানসাট-গোমস্তাপুর-পোরশা-সাপাহার (কেজিপিএস) আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনার পরিমাণ বেশি। সবশেষ গত ১৭ অক্টোবর বিকেলে উত্তরবঙ্গগামী আঞ্চলিক মহা সড়কের (কেজিপিএস) মাধাইপুরে রাস্তা পার হতে গিয়ে ভটভটির ধাক্কায় জোসনা বেগম(৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
গোমস্তাপুর (রহনপুর) ফায়ার সার্ভিস স্টেশন সুত্রে জানা যায়, চলতি বছরের গত ৯ মাসে উপজেলার বিভিন্ন সড়কে ৫৮টি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এতে ৮২ জন হতাহত হয়। এছাড়া ২০২৫ সালে ১৬৭ টি দুর্ঘটনায় ২৩০ জন হতাহতের পরিসংখ্যান পাওয়া গেছে।
এ প্রসঙ্গে রহনপুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মাহতাবউদ্দিন জানান, সড়কগুলোতে অবৈধ যানবাহনের ছড়াছড়ি, যানবাহনের অনিয়ন্ত্রিত গতি, আইন শৃঙ্খলা বাহিনীর মনিটরিংয়ের অভাবসহ বিভিন্ন কারণে এ দুর্ঘটনাগুলো সংঘটিত হচ্ছে। তিনি গুরুত্বপূর্ণ এ আঞ্চলিক মহাসড়কের পাশে হাইওয়ে পুলিশের কার্যক্রম চালু করার পরামর্শ দেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188206