পাবনার ভাঙ্গুড়ায় রেলওয়ে বড়াল ব্রিজে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্র নিহত
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় রেলওয়ে বড়াল ব্রিজে ট্রেনের ধাক্কায় সিটকে পড়ে সামিউল ইসলাম (১০) নামে এক স্কুলছাত্র নিহত এবং সাথে থাকা বড় ভাই সাকিব রেলব্রিজের রেলিংয়ে ঝুলে প্রাণে বেঁচে গেছেন। গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল প্রায় ৫টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের উপজেলার ২০নং রেলব্রিজের পশ্চিমাংশে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সূত্রে জানা গেছে, নিহত সামিউল পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের আলমনগর গ্রামের আশরাফ ইসলামের ছেলে এবং আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী)
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে ভাঙ্গুড়া পৌর শহরের কুঠিপাড়া মহল্লায় ফুফুর বাড়িতে দু’ভাই সাকিব ও সামিউল বেড়াতে আসে। ঘটনার দিন বিকাল প্রায় ৫টার দিকে তারা দু’জন রেলওয়ে বড়াল ব্রিজে ওঠে নদী পার হচ্ছিল। এমন সময় সামনের দিক থেকে ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ গ্রামী আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেন ব্রিজ অতিক্রম করছিল। ট্রেনের হুইসেল শুনে বড় ভাই সাকিব রেলের স্লিপার ধরে ঝুলে প্রাণে রক্ষা পেলেও ছোট ভাই সামিউল ট্রেনের ধাক্কায় ব্রিজের নিচে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। এসময় স্থানীয়রা তাকে দ্রুত তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, শিশুটির লাশ ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188161