ঠাকুরগাঁওয়ে ১৫ বস্তা সার জব্দ, জরিমানা

ঠাকুরগাঁওয়ে ১৫ বস্তা সার জব্দ, জরিমানা

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে জনতার হাতে ১৫ বস্তা রাসায়নিক সার আটক হয়েছে। এছাড়াও বৈধ কোনো কাগজপত্র ও মালিক না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সার জব্দ করে ভ্যান চালককে ৩ হাজার টাকা জরিমানা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল বাইন।

জানা যায়, গতকাল সোমবার বিকেলে কামার পুকুর নামক স্থানে রবিউল ইসলাম নামে এক ভ্যান চালককে ৫ বস্তা টিএসপি ও ১০ বস্তা পটাশ সারসহ জনতা আটক করে। খবর পেয়ে উপজেলা কৃষি অফিসার শাহিনুর ইসলাম ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হন।

আটক ভ্যান চালককে জিজ্ঞাসাবাদে সঠিক তথ্য ও সারের কোনো বৈধ কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উক্ত সার জব্দসহ ভ্যান চালক রফিকুল ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

হরিপুর উপজেলা কৃষি অফিসার শাহিনুর ইসলাম বলেন, জব্দকৃত সারগুলো সরকারি মূল্যে কৃষকের মাঝে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188127