নেতাদের পেছনে না দাঁড়িয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত বলেছেন, আপনারা নেতাদের পেছনে না দাঁড়িয়ে অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ান। জনগণের কাছে থেকে তাদের ভালবাসা নিয়ে এবং তাদের ভোট নিয়ে সত্যিকারের নেতা হতে হবে।
আগের দিনের মত হৈ হট্টগোল করে রাজনীতি আর করা যাবে না। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সানাতনী ইউনিয়নের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিতরণ অনুষ্ঠনে তিনি আরও বলেন, আসুন সবাই মিলে একসাথে দেশটাকে গড়ার কাজ করি। যে দল শুধু অন্যের সমালোচনা করে, যে দল আমাদের মাঝে বিভক্তি ছড়ায়, তাদেরকে আমরা প্রত্যাখ্যান করি। তাদের উন্নয়নের কোন পরিকল্পনা নেই।
উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিতরণ অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন, প্রতিমন্ত্রীর সহধর্মিণী স্থপতি ফাহমিদা মুহিত, সহকারী কমিশনার (ভূমি) মো: ফরিদুল ইসলাম, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকাবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার প্রমুখ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188116