এক দিনে ১১৬৪ হামলায় ৫৫৮ হুতি যোদ্ধা নিহত
আন্তর্জাতিক ডেস্ক : বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার। গত ২৪ ঘণ্টায় হুতির অবস্থান লক্ষ্য করে ১ হাজার ১৬৪টি হামলা চালানো হয়েছে এবং এতে সশস্ত্র গোষ্ঠীটির আনুমানিক ৫৫৮ যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে সরকারি বাহিনী।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি সামাজিকযোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে বিমান ও গোলন্দাজ বাহিনীর ব্যাপক সহায়তায় তাইজে শহরে হুতিকে পিছু হটতে বাধ্য করেছে সরকারি সেনারা।
সামরিক বাহিনীর দাবি, অভিযানে হুতির ১৩৫টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করা হয়েছে। গোষ্ঠীটির সেনা সমাবেশ, রসদ ও অতিরিক্ত সেনা পাঠানোর পথ, প্রতিরক্ষাব্যবস্থা এবং সরবরাহ রুট লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়।
আল-নুজাইলি জানান, যুদ্ধবিমান, ড্রোন, স্থলভিত্তিক গোলন্দাজ বাহিনী, রকেট লঞ্চার ও স্নাইপার ইউনিট ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে। এতে হুতির গোলাবর্ষণের অবস্থান ও সরবরাহব্যবস্থা ব্যাহত হয়েছে বলে দাবি করেন তিনি।
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় যুদ্ধক্ষেত্র এবং শাবওয়া প্রদেশেও গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করে অভিযান অব্যাহত রেখেছে সরকারি বাহিনী। সামরিক মুখপাত্রের ভাষ্য, এসব অভিযানের মাধ্যমে হুতির চলাচল সীমিত করা হয়েছে, যাতে তারা পুনরায় সংগঠিত হতে কিংবা অতিরিক্ত সেনা মোতায়েন করতে না পারে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188113