কুড়িগ্রামের উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক গ্রেফতার
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রাম জেলার উলিপুরে বাচ্চু মিয়া(৬০) নামে এক বৃদ্ধকে হত্যার ঘটনায় ঘাতক রাব্বিকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক ১টায় উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের পন্ডিতপাড়া গ্রামে এ হত্যাকান্ড ঘটে।
জানা যায়, বাচ্চু মিয়া রংপুর মহানগর থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তিনি তার ভাতিজা মিঠু মিয়ার বাড়িতে ছিলেন। সেখানে বাচ্চু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার চাচাতো নাতি রাব্বির বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে। পরে পুলিশ অভিযান চালিয়ে রাব্বিকে গ্রেফতার করে এবং হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা জানান, হত্যাকান্ডের ৭ ঘণ্টার মধ্যে অভিযুক্ত চাচাতো নাতিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। তবে কি কারণে এ হত্যাকান্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188112