সৌদি আরবকে রক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক : হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে সৌদি আরবকে রক্ষা করতে টাইফুন যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং জানিয়েছেন, এসব যুদ্ধবিমান কেবল প্রতিরক্ষামূলক দায়িত্ব পালন করবে।
হুতিদের ওপর কোনো আক্রমণ চালাবে না। সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দেশটির জ্বালানি স্থাপনাগুলোতে হুতিদের হামলার পর যুক্তরাজ্য এ সিদ্ধান্ত নিয়েছে। ইরান-সমর্থিত হুতিরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে লড়াই করছে। সৌদি আরব ওই সরকারকে সমর্থন দেয়।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবার এক লিখিত বিবৃতিতে বলেন, হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে সৌদি আরবের শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় যুক্তরাজ্যের যুদ্ধবিমানগুলো সহায়তা করবে।
সৌদি কর্তৃপক্ষের দাবি, সম্প্রতি দেশটির বিভিন্ন বিমানবন্দরে হুতিদের হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে গত ১০ অক্টোবর রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন নিহত ও ৩০৮ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনীর দাবি, দেশটির মধ্যাঞ্চলীয় শাবওয়া প্রদেশের একটি সামরিক প্রশিক্ষণশিবিরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৭০ জনের বেশি নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
আতাক শহরের কাছে আল-আলাম ক্যাম্পে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছেন বাহিনীর একজন মুখপাত্র। হুতিদের সামরিক মুখপাত্র দাবি করেছেন, তারা সৌদি আরবের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছেন।
ইয়েমেনে পাল্টাপাল্টি হামলায় হতাহতের সংখ্যা বাড়ছে। হুতি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ৩ সেপ্টেম্বর থেকে সৌদি বিমান ও কামানের হামলায় অন্তত ১৪১ জন নিহত এবং ৩৯৫ জন আহত হয়েছেন। এ ছাড়া ইয়েমেন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৬ আগস্ট থেকে দেশজুড়ে চলা সংঘাতে অন্তত ১ হাজার ২৮২ জন নিহত হয়েছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188111