বগুড়ার শেরপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে ঘরবাড়ি পুড়ে ছাই
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লেগে যাওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক ব্যবসায়ীর বসতবাড়ি। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারটির।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইতালি গ্রামের বাসিন্দা মৃত হাজী আজগর আলীর ছেলে আব্দুল মান্নানের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্তের পরিবার সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় ঘরের ভেতরের বৈদ্যুতিক লাইন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের তৎপরতায় আশপাশের অন্যান্য বাড়িঘর রক্ষা পেলেও আব্দুল মান্নানের বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।
আব্দুল মান্নান বলেন, একসময় বড় ব্যবসা করতাম। কিন্তু ব্যবসায় লস খেয়ে নিঃস্ব হয়ে পড়েছিলাম। একমাত্র সম্বল ছিল এই ভিটাবাড়ি, আগুনে পুড়ে এখন আমি একেবারে পথের ফকির হয়ে গেলাম।
অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা (ওয়্যারহাউস পরিদর্শক) বখতিয়ার উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় পার্শ্ববর্তী বাড়িগুলোতে আগুন ছড়িয়ে পড়েনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188107