দিনাজপুরে কুরিয়ার সার্ভিসসহ চার গাড়িতে ডাকাতি গ্রেফতার ৮
দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে গভীর রাতে সড়কে গাছ ফেলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসসহ চারটি গাড়িতে ডাকাতির অভিযোগে দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৮ জনকে গ্রেফতার করেছে। গোয়েন্দা পুলিশ এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ লুন্ঠিত মালামাল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো: আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার ওসি মোহাম্মদ আলমগীর।
গ্রেফতারকৃতরা হলো- মো: শাকিল সরকার(২৬), মোহাম্মদ রুহুল আমিন(৩৫), মোহাম্মদ রাশেদ মিয়া(৩০), মো: রবিউল প্রধান(৩৫), মো: সাজু মিয়া(৫৩), মোহাম্মদ আরিফুল ইসলাম ওরফে চেয়ারম্যান(৪২), মো: শাহিন মিয়া(৩০), মো: মিরাজ মিয়া(২৬)। গ্রেফতারকৃতরা গাইবান্ধা ও রংপুর জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
ব্রিফিংয়ে বলা হয়, জিজ্ঞাসাবাদে আটককৃতরা সংগঠিত ডাকাতি ঘটনার দোষ স্বীকার করেছে। গত ১৯ অক্টোবর রাত সোয়া ১ টা থেকে রাত পৌনে ৩টা পর্যন্ত নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জামালপুর এলাকায় এ ডাকাত দলটি সড়ক বন্ধ করে ডাকাতি করে।
এ সময় চারটি গাড়ির চালক, সহকারী ও যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে ও মূল্যবান মালপত্র লুণ্ঠন করে। ঘটনার পরপরই দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা ও পুলিশ যৌথ অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে ডাকাতদের চিহ্নিত করে আটজনকে গ্রেফতার করা হয়।
উদ্ধার করা মালামালের মধ্যে দুইটি এইচপি ল্যাপটপ, বাটন ফোন, একটি চাপাতি ও একটি ছুরি রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, বাসকোচে যাত্রীদের চলাচল ও ট্রাক-কাভার ভ্যানে পণ্য বহনে ব্যাপক নিরাপত্তা করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188099