সরকার পতন নয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই : শশী থারুর

সরকার পতন নয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই : শশী থারুর

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিরোধীদের আন্দোলন নিয়ে কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর বলেছেন, বিরোধীদের লক্ষ্য সরকার পতন নয়, বরং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা।

গতকাল সোমবার (১৯ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে শশী থারুর বলেন, ভারত কখনোই সহিংস আন্দোলন সমর্থন করে না। যে কোনো আন্দোলন শান্তিপূর্ণ হওয়া উচিত। একই সঙ্গে, বাংলাদেশ ও ফ্রান্সের পরিস্থিতির সঙ্গে ভারতের তুলনা করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এর আগে, গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভারতের কেন্দ্রীয় সংসদবিষয়কমন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেন, ভারতবিরোধী গোষ্ঠী ও কিছু রাজনীতিক মিলে তরুণদের উসকে দিয়ে সহিংসতা ছড়ানোর ষড়যন্ত্র করেছেন। বাংলাদেশ ও ফ্রান্সের পরিস্থিতির মতো একই ধরনের ষড়যন্ত্র ভারতেও করার পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি করেন তিনি।

কিরেন রিজিজুর এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে শশী থারুর বলেন, ভারত বাংলাদেশ নয়, আবার ফ্রান্সও নয়। ফ্রান্সে বাস ও থানায় আগুন দেওয়ার মতো সহিংসতার ঘটনা তারা কখনোই সমর্থন করেন না। বরং তারা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করেন। নিজেও এ ধরনের আন্দোলনে অংশ নিয়েছেন বলে জানান তিনি। থারুর বলেন, বিরোধীদের আন্দোলনকে সরকার বদলের লড়াই হিসেবে তুলে ধরার কোনো মানে হয় না। তাদের মূল দাবি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা।

এসময় ভারতের ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক মানুষের নাম বাদ পড়ার বিষয়টিও তুলে ধরেন তিনি। অনিয়মপূর্ণ ও আংশিক বেআইনি প্রক্রিয়ায় এসব নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন থারুর। এ কারণেই ওই প্রক্রিয়া বাতিলের দাবি জানাচ্ছেন তারা। এটি সংবিধান ও নির্বাচনের স্বচ্ছতার সঙ্গে সম্পর্কিত বিষয়, সরকার পতনের চেষ্টা নয় বলে দাবি করেন তিনি। একই সঙ্গে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো রক্ষায় নাগরিকদের অধিকারের কথাও বলেন শশী থারুর। তার মতে, গণতন্ত্র কারও দেওয়া উপহার নয়। ভারতের সাধারণ নাগরিকেরাই এর রক্ষক। তাই গণতন্ত্র রক্ষার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে।

তবে, নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানের অস্তিত্ব নিয়ে তিনি প্রশ্ন তুলছেন না বলে স্পষ্ট করেন থারুর। তার আপত্তি এসব প্রতিষ্ঠানের কাজের ধরন নিয়ে। ভারতের গণতান্ত্রিক সংবিধান অনুযায়ী প্রতিষ্ঠানগুলোকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। এদিকে, এক্সে দেওয়া পোস্টে কিরেন রিজিজু দাবি করেন, বাংলাদেশে সহিংসতা এবং ফ্রান্সে দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো ঘটনা ঘটানোর ষড়যন্ত্র ভারতের জন্যও করা হয়েছিল। ভারতে সরকার পরিবর্তনের একমাত্র পথ নির্বাচন বলে মন্তব্য করেন তিনি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188066