মৌসুমের প্রথম জয়ের দেখা পেল টটেনহ্যাম
স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম জয় পেয়েছে টটেনহাম হটস্পার। কোভেন্ট্রি সিটির বিপক্ষে ৩-১ গোলের জয়ের পর রহস্য জানালেন কোচ রবার্তো দি জারবি। ইতালিয়ান এই কোচের মতে, খেলোয়াড়দের মধ্যে খোলামেলা আলোচনা, নিজেদের দায়িত্ব নেওয়ার মানসিকতা এবং স্পেনের মারবেলায় অনুশীলনই বদলে দিয়েছে দলের পরিবেশ। তাতেই এসেছে সফলতা।
সোমবার রাতে কোভেন্ট্রির বিপক্ষে জয়ের আগে কঠিন সময় পার করছিল টটেনহাম। পয়েন্ট তালিকার তলানিতে থাকা দলটি ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছিল। দি জারবি জানান, ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোলে ড্র করার আগে দলের খেলোয়াড়দের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। সেখানে নিজেদের পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা হয় এবং প্রত্যেককে দায়িত্ব নেওয়ার বার্তা দেওয়া হয়। দি জারবি বলেন, ‘ফল গুরুত্বপূর্ণ। তবে আরও গুরুত্বপূর্ণ দুটি বিষয়। প্রথমত, আমরা বুঝতে পেরেছি, প্রিমিয়ার লিগের অন্য দলগুলোর মতো আমরাও ম্যাচ জিততে পারি। দ্বিতীয়ত, গত দুই সপ্তাহের মতো নিজেদের সেরাটা দিতে হবে। ওল্ড ট্র্যাফোর্ডে যাওয়ার আগের দিন আমরা বড় একটি বৈঠক করেছি। পরিস্থিতি নিয়ে কথা বলেছি। দায়িত্ব স্বীকার না করলে আমরা পরিস্থিতি মেনে নিতে বা সামনে এগোতে পারব না।’
দলের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়াতে গত সপ্তাহে খেলোয়াড়দের নিয়ে মারবেলায় অনুশীলন ক্যাম্প করেন টটেনহাম কোচ। তার মতে, মাঠের বাইরেও একসঙ্গে সময় কাটানো খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ায়। কঠিন পরিস্থিতিতে সতীর্থের পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরি করে। দি জারবির ভাষায়, ‘এই সপ্তাহটা গুরুত্বপূর্ণ ছিল। আমরা একসঙ্গে সময় কাটিয়েছি এবং একটি পরিবারের মতো হতে চেয়েছি। ম্যাচের মধ্যে কঠিন পরিস্থিতি এলে ১১ জন রোবটের মতো খেললে চলবে না; নিজের বন্ধু ও ভাইয়ের জন্য খেলতে হবে।’
টটেনহামের জয়ে বড় ভূমিকা রেখেছেন চোট কাটিয়ে ফেরা জেমস ম্যাডিসন। ৫৩৬ দিন পর প্রতিযোগিতামূলক ফুটবলে প্রথমবার শুরুর একাদশে নেমেই দারুণ গোলে দলকে এগিয়ে দেন তিনি। দীর্ঘ বিরতির পর মাঠে ফিরেছেন দেজান কুলুসেভস্কিও। ২০২৫ সালের মে মাসে গুরুতর হাঁটুর চোটে পড়ার পর এটাই ছিল তার প্রথম ম্যাচ। দুই খেলোয়াড়ের ফেরায় দলের পরিবেশ আরও ইতিবাচক হয়েছে বলে মনে করেন দি জারবি। তার মতে, তাদের দক্ষতা ও নেতৃত্ব দলকে বাড়তি শক্তি দিচ্ছে।
কোভেন্ট্রির বিপক্ষে জয়ে পয়েন্ট তালিকার ১৬তম স্থানে উঠে এসেছে টটেনহাম। এবার তাদের সামনে আরও কঠিন পরীক্ষা। শনিবার লন্ডন ডার্বিতে চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে খেলবে স্পার্সরা। নতুন করে পাওয়া আত্মবিশ্বাস ও দলীয় ঐক্য ধরে রাখাই এখন দি জারবির দলের বড় চ্যালেঞ্জ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188045