পঞ্চগড়ের সাবেক এমপি মুক্তার দুইদিনের রিমান্ডে
পঞ্চগড় প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইজিবাইক চালক আল আমিনকে গুম ও হত্যা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা শাখার সহসভাপতি নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফ হোসেন মুন্না এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) মানিক মিয়া মুক্তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। একই সঙ্গে তার জামিন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী মির্জা সারোয়ার হোসেন বলেন, তারা জামিন আবেদন করেছিলেন। আদালত তা নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পরবর্তী শুনানিতে জামিন পাওয়ার বিষয়ে তারা আশাবাদী।
অন্যদিকে আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) আবু সায়েদ বলেন, রাষ্ট্রপক্ষ পাঁচদিনের রিমান্ডের আবেদন করেছিল এবং জামিনের বিরোধিতা করেছে। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পঞ্চগড় আদালতের পরিদর্শক (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার জানান, রিমান্ড মঞ্জুরের আদেশের পর মুক্তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188019