গাইবান্ধার সুন্দরগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেফতার ৩

গাইবান্ধার সুন্দরগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেফতার ৩

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ১৬ হাজার ৫ টাকা, চার প্যাকেট নতুন তাস ও ১০৫টি খোলা তাস জব্দ করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যান।

আজ সোমবার (১৯ অক্টোবর) সকালে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলো- সুন্দরগঞ্জ পৌরসভার বামনজল মৌজার মৃত হেকমত উল্লাহর ছেলে মো. টুটুল সরকার(৫০), গোপালচরণ গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মো. এনামুল হক(৫০) এবং দহবন্দ ইউনিয়নের জরমনদী গ্রামের মৃত বিজয় চন্দ্র সরকারের ছেলে অসিম কুমার সরকার(৫০)।

পুলিশ জানায়, গত রোববার রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার পাটবাজারে আওয়ামী লীগ কার্যালয়ের দক্ষিণপাশে অভিযান চালান। এসময় পালানোর চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে নগদ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সেলিম রেজা বলেন, গ্রেফতারকৃত তিনজন ও পলাতক একজনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃত তিনজনকে আদালতে সোপর্দ করা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188016