কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাসস্ট্যান্ড-ওয়াপদা সড়কের বেহাল দশা
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: নাগেশ্বরী বাসস্ট্যান্ড-বামনডাঙ্গা ওয়াপদা বাজার সড়কের বেহাল দশায় প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে চরম দুর্ভোগে পড়েছেন সড়কে যাতায়াতকারী সাধারণ মানুষ। জানা যায়, উপজেলার কচাকাটা, কেদার, বল্লভেরখাস, নারায়ণপুর ইউনিয়ন ও বামনডাঙ্গার কিছু অংশের সাথে পৌরসভার একাধিক ওয়ার্ড, বেরুবাড়ী, কালীগঞ্জ, ভিতরবন্দ, নুনখাওয়া ইউনিয়নের বৃহৎ জনগোষ্ঠী এ সড়ক ব্যবহার করে।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এর কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দক। চলাচলের সময় অসাবধানতায় ঘটছে অসংখ্য দুর্ঘটনা। বৃষ্টি হলে সড়কের অবস্থা আরো ভয়াবহ হয়ে ওঠে। এ পথে যাতাযাতকারী নাজমুল ইসলাম, বুলু মিয়া, আলতাফ হোসেনসহ অনেকে জানান, এখন এটি যেন সড়ক নয় আস্ত মরণফাঁদ। অথচ দীর্ঘদিন ধরে এ অবস্থায় পড়ে আছে সড়কটি। এসময় দ্রুত এর সংস্কার দাবি করেন তারা।
উপজেলা প্রকৌশলী এম.এ. ওয়াহেদ বলেন, সড়কটি সংস্কারে ইতোমধ্যে আমফান প্রকল্প থেকে টেন্ডার করা হয়ে গেছে এবং ঠিকাদার নিযুক্ত হয়েছে। ঠিকাদারকে চিঠি দিয়েছি দ্রুত কাজ শুরু করে জনগণের দুর্ভোগ লাঘব হবে বলে আশা প্রকাশ করেন তারা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187999