সাত দিনে নিরাপদ খাদ্য আইনে সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা
দেশজুড়ে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে গত সাত দিনে ১১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। একই সময়ে প্রতিষ্ঠানগুলোকে মোট সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ২১৪টি খাদ্য স্থাপনায় মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বিএফএসএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ থেকে ১৭ অক্টোবর রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় অভিযান এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব ব্যবস্থা নেওয়া হয়।
বিজ্ঞপ্তি আরও বলা হয়, এ সময়ে ঢাকা মহানগর এলাকায় সাতটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, বাধ্যতামূলক নিবন্ধন ছাড়াই প্রতিষ্ঠান পরিচালনা, রেফ্রিজারেটরে লেবেলবিহীন মাছ-মাংস ও অন্যান্য খাদ্যসামগ্রী সংরক্ষণ এবং ট্রেড লাইসেন্স, খাদ্য কর্মীদের স্বাস্থ্যসনদ ও পেস্ট কন্ট্রোলের প্রমাণক দেখাতে না পারার মতো অপরাধে চারটি প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়।
ঢাকার বাইরে ফেনী, পাবনা, বরিশাল, নরসিংদী, সুনামগঞ্জ ও মুন্সীগঞ্জে ছয়টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। লেবেলবিহীন পণ্য সংরক্ষণ, পণ্য কেনার চালান দেখাতে না পারা, অননুমোদিত রাসায়নিক রং ব্যবহার, উৎপাদনস্থলে তেলাপোকা-ছারপোকার উপস্থিতি, খাদ্যপণ্য খোলা অবস্থায় নন-ফুডগ্রেড পাত্রে রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের দায়ে এসব প্রতিষ্ঠানকে সাড়ে আট লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ছয়টি মামলা করা হয়।
এদিকে, গত ১৬ অক্টোবর নাটোরের ‘মৌচাক বেকারি’তে লেবেলবিহীন ও বাসি খাদ্যপণ্য পাওয়ায় প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করেন নাটোর বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম আলী। নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩২(ক) ধারায় এ জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।
আইন প্রয়োগের পাশাপাশি খাদ্যস্থাপনায় তদারকি জোরদার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। গত এক সপ্তাহে বাজার, হোটেল-রেস্তোরাঁ, বেকারি, মিষ্টির দোকান এবং খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানসহ ২১৪টি খাদ্যস্থাপনায় মনিটরিং করা হয়। এসব কার্যক্রমে খাদ্য উৎপাদন, সংরক্ষণ, পরিবেশন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনে নিরাপদ খাদ্যবিধি অনুসরণ করা হচ্ছে কি না, তা তদারকি করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187880