কক্সবাজারের কুতুবদিয়ায় আগুনে পুড়ল ১৪ ঘর ও ৫ গুদাম
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি বসতবাড়ি এবং জেলেদের সরঞ্জাম ও জালের ৫টি গুদামঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৪৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আজ রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফৈত্যার পাড়া গ্রামে বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফৈত্যার পাড়া গ্রামের নুরুল কাদের ও রুহুল কাদেরের বসতবাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে ১৪টি পরিবারের ঘরবাড়ি গ্রাস করে। এতে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে বাড়িঘরের সবকিছু ভস্মীভূত হলেও একটি পবিত্র কোরআন শরিফ অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
ক্ষতিগ্রস্ত নুরুল কাদের ও মোহছেনা বেগম বলেন, পরনের কাপড় ছাড়া তারা আর কিছুই রক্ষা করতে পারেননি। হাঁস-মুরগি, আসবাবপত্র ও স্বর্ণালংকার পুড়ে গেছে। বসতবাড়ির পাশাপাশি মাছ ধরার সরঞ্জাম পুড়ে নিঃস্ব হয়ে এখন খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে তাঁদের।
খবর পেয়ে কুতুবদিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
কুতুবদিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. সোহেল আহমেদ বলেন, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস সদস্যদের বেগ পেতে হলেও অল্প সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় আনুমানিক প্রায় ৪৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
দুর্ঘটনাকবলিত এলাকাটি পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক এবং কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187857