ঢাকায় ফিফা সভাপতি!

ঢাকায় ফিফা সভাপতি!

স্পোর্টস ডেস্ক : ফিফা’র সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ঢাকায় আগমনকে ঘিরে ব্যস্ততা দেখা গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে)। তবে কোনো আনুষ্ঠানিক সফরে নয়, মরক্কো থেকে ভুটান যাওয়ার পথে ট্রানজিটের জন্য আজ দুপুর পৌনে ১টায় ঢাকায় অবতরণ করেন ফিফা সভাপতি। এরপর ভুটানে যাবেন তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ভিআইপি লাউঞ্জে অবস্থান করেন ইনফান্তিনো। সেখানে তার সঙ্গে দেখা করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও ফেডারেশনের সহসভাপতিরা। অল্প সময়ের এই যাত্রাবিরতিতে ফিফা সভাপতিকে স্বাগত জানাতে প্রস্তুত ছিল বাফুফে। 

মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুতে যাওয়ার সরাসরি ফ্লাইট না থাকায় ঢাকায় বিরতি নিতে হয়েছে ইনফান্তিনোকে। ফলে তার এই সফরে বাংলাদেশে ফুটবলবিষয়ক কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই।

এর আগে ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপ চলাকালে ইনফান্তিনোর সঙ্গে বৈঠক করেছিলেন তাবিথ আউয়াল। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187826