মার্কিন সাংবাদিকের ওপর হামলা, ইসরায়েলিদের কঠোর শাস্তি চায় যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে মার্কিন সাংবাদিক হেইডি লেভিনের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি ইসরায়েলকে সহিংস বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) পশ্চিম তীরে ওই হামলার ঘটনা ঘটে।
মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রুবিও বলেন, হামলার ছবি দেখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ‘গভীরভাবে উদ্বিগ্ন’। শুক্রবারের ঘটনা নিয়ে তিনি তখনো আনুষ্ঠানিক ব্রিফিং পাননি বলে জানান। তবে যেসব ছবি দেখেছেন, সেগুলো ‘মোটেও ভালো মনে হয়নি’ বলে মন্তব্য করেন তিনি। রুবিও বলেন, ইসরায়েলকে এ ধরনের সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ট্রাম্প অধিকৃত পশ্চিম তীরে কোনো ধরনের ‘টানাপোড়েন’ বা ‘সংকট’ দেখতে চান না বলেও জানান তিনি।
ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে যুক্তরাষ্ট্রের প্রত্যাশা ইসরায়েলকে জানানো হবে বলে উল্লেখ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এই মুহূর্তে আমাদের এমন পরিস্থিতির প্রয়োজন নেই। ইসরায়েলেরও এখন এটি প্রয়োজন নেই। ওয়াশিংটন পোস্টের আলোকচিত্রী লেভিন শুক্রবার পশ্চিম তীরের আবু ফালাহ এলাকার কাছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় আহত হন। ওই ঘটনায় তার সঙ্গে আরও একজন আহত হন। পরে সাংবাদিকদের লেভিন বলেন, শরীরে প্রতিরক্ষামূলক পোশাক ও মাথায় হেলমেট না থাকলে তিনি হয়তো বেঁচে থাকতেন না। তার ভাষ্য, হামলাকারীরা তাকে বারবার লাথি মারছিলেন।
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় গুরুতর আহত হেইডি লেভিনের আঙুলে অস্ত্রোপচার করা হয়েছে। তার একটি আঙুল প্রায় হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল বলে জানিয়েছেন তার মেয়ে অ্যাশলি মিলনার। বার্তা সংস্থা এপিকে মিলনার জানান, লেভিনের একটি পাঁজরের হাড় ভেঙেছে এবং মেরুদণ্ডের একাধিক হাড়েও চিড় ধরেছে। এছাড়া তার শরীরে বিভিন্ন স্থানে কেটে যাওয়ার ক্ষত রয়েছে। এর আগে লেভিন জানিয়েছিলেন, ‘প্রেস’ লেখা হেলমেট ও প্রতিরক্ষামূলক পোশাক তাকে আরও গুরুতর আঘাত থেকে রক্ষা করেছে বলে তার ধারণা। সূত্র : আল-জাজিরা
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187822