বগুড়ায় সাংবাদিক ইউনিয়নের মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বগুড়ায় সাংবাদিক ইউনিয়নের মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার: সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র আয়োজনে আজ শনিবার (১৭ অক্টোবর) শহীদ চান্দু স্টেডিয়ামে দিনব্যাপী মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

এসময় বিএফইউজের নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস, প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি রাহাত রিটু, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, বগুড়া প্রেস ক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাসসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চারটি দলের টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে যমুনা একাদশ। তারা করতোয়া একাদশকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয়।

ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করে আল-আমিনের একক নৈপূণ্যে ৯৯ রান করে করতোয়া একাদশ। আল-আমিন একাই ৮১ রান করে অপরাজিত থাকেন। যমুনার জুয়েল হাসান ও এনাম বাবু ২টি করে উইকেট লাভ করেন। জবাবে ওপেনার আব্দুল হাকিমের মারমুখী ব্যাটিংয়ে মাত্র ২ উইকেট হারিয়ে এক ওভার আগেই ম্যাচ জিতে নেয় যমুনা।

আব্দুল হাকিম ৬৫ এবং জুয়েল হাসান অপরাজিত ২৩ রান করেন। আব্দুল হাকিম ব্যাটে-বলে সমান নৈপূণ্য দেখিয়ে ম্যান অব দ্য ফাইনাল এবং ম্যান অব দ্য টুর্ণামেন্টের পুরস্কার জিতে নেন। এছাড়া প্রথম ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন টি এম মামুন এবং দ্বিতীয় ম্যাচের আব্দুল হাকিম।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187776