বগুড়ায় প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি
স্টাফ রিপোর্টার : বগুড়া সদরের রাজাপুর ইউনিয়নের মধ্য কুটুরবাড়ি এলাকায় জার্মান প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে নেছার আলী জার্মান প্রবাসী। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে চোরেরা ওই প্রবাসীর বাড়ির পূর্ব পাশের ঘরের জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে বাক্সের তালা ভেঙে ২০ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যায়। পরে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে চুরির বিষয়টি বুঝতে পারেন।
থানায় অভিযোগকারী ওই প্রবাসীর মা ছমেনা বেগম জানান, জমি কেনার জন্য ব্যাংক থেকে ৫ লাখ টাকা তুলে রেখেছিলেন তারা। এছাড়াও জমি কেনার জন্য আগে থেকেই আরও টাকা রাখা ছিল। চোরেরা টাকার বিষয়টি জেনেই চুরি করতে এসেছিল বলে দাবি করেন তিনি।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার এএসআই মো. মিথুন রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চুরির ধরন দেখে মনে হচ্ছে ভুক্তভোগীদের নিজেদের মধ্যে কেউ এই কাজে জড়িত থাকতে পারে। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ঘটনা তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে চুরির আসল রহস্য জানা যাবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187759