পার্বত্যাঞ্চলের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী

পার্বত্যাঞ্চলের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী

পার্বত্যাঞ্চলের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান আড়াই হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে এবং এর কাজ খুব শীঘ্রই শুরু হবে বলে জানান ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।

আজ শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রাঙামাটি জেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত বিভিন্ন মন্দিরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জেলা পরিষদ এবং ডেভেলপমেন্ট বোর্ডসহ বিভিন্ন মন্ত্রণালয় থেকে এমন কিছু প্রকল্প নেওয়া হবে যেখানে এই পার্বত্যবাসীর সকলের ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে বৈষম্যহীনভাবে সুবিধাভোগ করতে পারেন। সবচেয়ে সুবিধাবঞ্চিতদের কর্মসংস্থান, আত্মনির্ভরশীল হওয়া, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, সুপেয় পানির ব্যবস্থা করা, ই-লার্নিংয়ের মাধ্যমে শিক্ষার প্রসার ঘটানো এবং স্যানিটাইজেশন ব্যবস্থাকে স্বাস্থ্যসম্মত করাসহ বিভিন্ন কৃষি উন্নয়নে কাজ করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, এলাকার অধিবাসী বা উপজাতি সকলে মিলেমিশে শান্তিতে বসবাস করলে সবার জন্য কাজ করতে সুবিধা হয়। বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় মাননীয় প্রধানমন্ত্রী এই তিনটি অঞ্চলকে (পার্বত্য অঞ্চল) অত্যন্ত বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন এবং এই অঞ্চলের উন্নয়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।

 রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে এসময় জেলা পরিষদের সদস্য এবং পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জেলার ৪৭টি মন্দিরের জন্য ২৪ লাখ ৯১ হাজার টাকা বিতরণ করেন এবং জেলা শহরের প্রাচীন কালীবাড়ি মন্দির পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

এর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসনের কার্যালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় অংশ নেন। সেখানে রাঙামাটি ২৯৯ আসনের  সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187731