ঢাবি শিক্ষার্থী নাফিস তেহামীর মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ

ঢাবি শিক্ষার্থী নাফিস তেহামীর মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ

ঢাবি প্রতিনিধি : কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার’ প্রোগ্রামের শিক্ষার্থী মো. নাফিস তেহামীসহ তাঁর পরিবারের কয়েকজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে ঘটে যাওয়া এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

এক শোকবার্তায় উপাচার্য বলেন, এ ধরনের মর্মান্তিক মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও বেদনাবিধুর। এই হৃদয়বিদারক ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। তিনি নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় উপাচার্য অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তিনি বলেন, এ কঠিন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিহতদের পরিবারের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

উল্লেখ্য, নিহত শিক্ষার্থী মো. নাফিস তেহামীর গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলী থানার দক্ষিণ চুনাখালী গ্রামে। তাঁর পিতার নাম মো. জেয়াদুল কবির এবং মাতার নাম কাজল রেখা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187727