নারায়ণগঞ্জে পাটের গুদামে ভয়াবহ আগুন
নারায়ণগঞ্জের বন্দরে পাটের গুদামে অগ্নিকাণ্ডে প্রায় ১৪টি ছোট টিনের ঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ শনিবার (১৭ অক্টোবর) ভোর রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২৭ নম্বর ওয়ার্ডের কুড়িপাড়া বটতলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পাটের গুদামগুলোর মালিকদের মধ্যে রয়েছেন আনোয়ার হোসেন, রাজা মিয়া, সোহেল, জয়নাল, ইমাম হোসেন ও আবু বক্কর। তাদের প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে তারা জানিয়েছে।
বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ১৪টি টিনের ঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় প্রায় এক কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।