উত্তরায় দুই গাড়ি ভাঙচুরের পর পুলিশকে পেটালো পোশাক শ্রমিকরা

উত্তরায় দুই গাড়ি ভাঙচুরের পর পুলিশকে পেটালো পোশাক শ্রমিকরা

মফস্বল ডেস্ক : সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতন ও বকেয়া পরিশোধের দাবিতে রাজধানীর উত্তরায় টানা পঞ্চম দিনের মতো সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা। পরে পুলিশ তাদের বাধা দিলে শিল্প পুলিশের দুটি গাড়ি ভাঙচুর ও শিল্প পুলিশের এক সদস্যকে আঘাত করে হাত ভেঙে দেন আন্দোলনকারীরা। পরে পুলিশ তাদের সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় ১৯ পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।

আজ শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার রাজলক্ষ্মী এলাকায় পোশাকশ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে এ ঘটনা ঘটে। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম গণমাধ্যমকে এসব তথ্য জানিয়ে বলেন, সকাল ১০টার দিকে উত্তরার উত্তরখান ও দক্ষিণখান থানা এলাকার বিভিন্ন গার্মেন্টস শ্রমিকরা কসাইবাড়ি রেলগেট, জামতলা রেলগেট, আজমপুর রেলগেট, জসিমউদ্দিনের হলি ল্যাব মোড়ে জড়ো হতে শুরু করেন। 
পরবর্তীতে বেলা ১১টার দিকে রাজলক্ষ্মী সংলগ্ন উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কে একত্রিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশ অবরোধের চেষ্টা করেন তারা। তখন পুলিশ বাধা দিলে পোশাকশ্রমিকরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। পরে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে আন্দোলনরত শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।

উত্তরা বিভাগের ডিসি রেজাউল করিম আরও জানান, এর মধ্যে শিল্প পুলিশের দুটি গাড়ি ভাঙচুর ও শিল্প পুলিশের এক সদস্যকে পিটিয়ে ভাত ভেঙে দেয় শ্রমিকরা। তাদের বিরুদ্ধে সিসি ক্যামেরা ফুটেজ দেখে মামলা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187716