মিরপুরের দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এসময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান মিরপুর-১০ এলাকা সরেজমিনে পরিদর্শনে গিয়েছেন বলে জানান তার সরকারী প্রেস সচিব একেএম নাজমুল হক।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পথচারীদের কাছে জানতে চান, আগে হকারদের দখলে থাকা ফুটপাত উচ্ছেদের পর তাদের চলাচলে কতটা সুবিধা হয়েছে এবং বর্তমানে হাঁটাচলায় কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কি না। এছাড়া নগরীর ফুটপাত ও সড়ক ব্যবস্থাপনা নিয়ে তাদের কোনো ভোগান্তি হচ্ছে কি না, সে বিষয়েও তিনি খোঁজখবর নেন।
প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের অভিজ্ঞতা ও মতামত শোনেন। তিনি রাজধানীর ফুটপাতগুলো পথচারীদের ব্যবহারের উপযোগী রাখা, সড়ক ও ফুটপাতের শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187710