লা লিগা সভাপতির পদত্যাগ দাবি রিয়ালের

লা লিগা সভাপতির পদত্যাগ দাবি রিয়ালের

স্পোর্টস ডেস্ক : লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের ‘অবিলম্বে পদত্যাগ’ দাবি করেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটির পরিচালনা ও নিজস্ব টেলিভিশিন চ্যানেলের কার্যক্রমকে নাৎসি জার্মানির প্রধানমন্ত্রী জোসেফ গোয়েবলসের সঙ্গে তুলনা করেছিলেন তিনি। তেবাসের এমন মন্তব্যকে ‘গভীরভাবে অপমানজনক’ ও ‘নৈতিকভাবে ঘৃণ্য’ বলে আখ্যা দিয়েছে স্প্যানিশ ক্লাবটি।
এমন অবস্থায় কেবল লা লিগার সভাপতি নয় স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সহসভাপতি পদ থেকেও তেবাসের পদত্যাগ দাবি করেছে ক্লাবটি। 

বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ‘স্প্যানিশ ফুটবলের সর্বোচ্চ দায়িত্বে থাকা কোনো ব্যক্তি আমাদের ক্লাব, এর পরিচালনা ও টেলিভিশন চ্যানেলকে হেয় করতে নাৎসি শাসনের প্রচারণার পদ্ধতির সঙ্গে তুলনা করবেন এটি রিয়াল মাদ্রিদের কাছে সম্পূর্ণ অসহনীয় ও অত্যন্ত গুরুতর বিষয়।’ গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দীর্ঘ এক পোস্টে তেবাস রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ক্লাবটির পরিচালনা কর্তৃপক্ষ তাদের বক্তব্য প্রচারের জন্য একদল মুখপাত্রকে পরিচালনা করে, আর রিয়াল মাদ্রিদ টিভি সেই প্রচারণায় নেতৃত্ব দেয়।

তেবাসের ভাষায়, ‘তাদের কৌশল সব সময় একই। নিজেদের সুবিধামতো ঘটনাগুলো বেছে নেওয়া, অভিযোগের পুনরাবৃত্তি করা, সন্দেহ উসকে দেওয়া এবং শত্রু হিসেবে কাউকে চিহ্নিত করা।’ তিনি আরও বলেন, ‘এই পদ্ধতি নাৎসি জার্মানির প্রচারমন্ত্রী গোয়েবলসের ব্যবহৃত প্রচারণার কৌশলগুলোর কথা মনে করিয়ে দেয়। যার মধ্যে ছিল ধারাবাহিকভাবে একই বক্তব্যের পুনরাবৃত্তি, শত্রু তৈরি করা এবং বাস্তব ঘটনাকে নিজেদের বয়ানের অধীন করা।’

পরে তেবাস স্পষ্ট করেন, তিনি গোয়েবলসের ‘প্রচারণার কৌশলগুলোর’ সঙ্গে তুলনা করেছেন, কোনো আদর্শের সঙ্গে নয়। তবে তেবাসের এই ব্যাখ্যা গ্রহণ করেনি রিয়াল মাদ্রিদ। ক্লাবটির মতে, এই ব্যাখ্যা তার বক্তব্যের ‘প্রাতিষ্ঠানিকভাবে অগ্রহণযোগ্য চরিত্র’কে বিন্দুমাত্র কমায় না। বিবৃতিতে রিয়াল আরও বলেছে, ‘এই বক্তব্য হাভিয়ের তেবাসের পক্ষ থেকে রিয়াল মাদ্রিদ, ক্লাবের সভাপতি এবং এর গণমাধ্যমগুলোর বিরুদ্ধে বারবার আক্রমণের আরেকটি উদাহরণ।’

এর আগেও রিয়াল মাদ্রিদের সঙ্গে একাধিক বিষয়ে বিরোধে জড়িয়েছেন তেবাস। গত মাসে রেফারিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলায় ক্লাবটির সমালোচনা করেছিলেন তিনি। ২০২১ সালে ইউরোপিয়ান সুপার লিগে যোগ দেওয়ার পরিকল্পনা নিয়েও রিয়াল ও ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে মতবিরোধে জড়ান লা লিগা সভাপতি। এছাড়া ২০২৫ সালে স্প্যানিশ ফুটবলে রেফারিং নিয়ে অভিযোগ জানিয়ে দেশটির ফুটবল ফেডারেশনের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর পর রিয়াল মাদ্রিদ সম্পর্কে তেবাস বলেছিলেন, ক্লাবটি ‘মাথা হারিয়ে ফেলেছে’।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187708