সিরাজগঞ্জের তাড়াশে ৭০ বস্তা সার জব্দ ৩০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের তাড়াশে ৭০ বস্তা সার জব্দ ৩০ হাজার টাকা জরিমানা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে বিক্রিত ৭০ বস্তা সার জনগণ কর্তৃক জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জানা যায়, তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের সার ডিলার মো. আমজাদ হোসেন আঞ্জু সার সংকটকে কাজে লাগিয়ে ৫০বস্তা ডিএপি ও ২০ বস্তা টিএসপি সার উপজেলার মাগুড়া ইউনিয়নের ঘরগ্রামের এক ব্যক্তির কাছে অতিরিক্ত দামে বিক্রি করে দেয়।

গতকাল বৃহস্পতিবার ৪টি ভটভটি বোঝাইকৃত সার তাড়াশ সদরের জিকেএস এলাকা দিয়ে যাওয়ার সময় জনগণ সারের গাড়ি ঠেকিয়ে কার সার জানতে চান। এসময় চালক জানান, পৌষার বাজারের আঞ্জুর দোকান থেকে নিয়ে আসা হচ্ছে। পরে আঞ্জুকে ফোন করলে তিনি জানান, তার কাছ থেকে কেউ সার কেনেনি।

বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করেন। পরে পুলিশ পাঠিয়ে মো. আমজাদ হোসেন আঞ্জুকে এনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত সার উপস্থিত জনগণের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নুমরাত জাহান জানান, জরিমানার টাকা ও সার বিক্রির টাকা আগামী রোববার অফিস টাইমে সরকারি কোষাগারে জমা দেয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187673