বগুড়ায় দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বগুড়ায় দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বগুড়ায় দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনাসভা, কেক কাটা হয়। আজ শুক্রবার (১৬ অক্টোবর) মহানগরের একটি পত্রিকারটির বগুড়া ব্যুরো প্রধান প্রদীপ মোহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

তিনি বলেন, ১৭ বছরের বঞ্চিত বগুড়ার উন্নয়নকে এগিয়ে নিতে সাংবাদিকদের এক জোট হয়ে লিখতে হবে। কারণ গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের কারণে আমরা উন্নয়ন বৈষম্যের শিকার হয়েছি। পিছিয়ে পড়েছিল বগুড়া। এজন্য এখন সময় এসেছে বগুড়ার সমস্যাগুলো চিহ্নিত করে তা পত্রিকার পাতায় তুলে ধরার। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার সন্তান হলেও তিনি দেশের প্রধানমন্ত্রী।

তাকে সারাদেশ দেখতে হয়। তবে বগুড়ার উন্নয়নের ব্যাপারে তিনি আন্তরিক। সরকারের বয়স মাত্র ৮ মাস। এরই মধ্যে বগুড়ায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু হয়েছে, বিমানবন্দরের কাজ চলমান আছে। বগুড়া- সিরাজগঞ্জের রেল লাইনের কাজ শিগগিরই শুরু হবে।

তিনি আরও বলেন, এখন আমরা বিভাগ চাই। বগুড়ার ছিলিমপুরের নাসিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের চেষ্টা চলছে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, জেলা বিএনপির সহসভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আখন্দ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।

সাংবাদিক এইচ আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দৈনিক কালবেলার মাল্টিমিডিয়া বিভাগের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মিলন। আরও বক্তব্য রাখেন, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মেহেরুল হাসান সুজন, শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুর রউফ রুবেল, জাতীয় কবিতা মঞ্চের বগুড়া জেলা সভাপতি ফাতেমা ইয়াসমিন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187670